প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রক্রিয়া শুরু–আইনমন্ত্রী আনিসুল হকের এই বক্তব্য আই ওয়াশ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলনকে প্রশমিত করতেই নতুন আইন তৈরির উদ্যোগের কথা বলা হচ্ছে। বিদ্যমান যে যাবজ্জীবন সাজার বিধান আছে সেটি প্রয়োগ হয় না কেন?’
রবিবার (১১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায়ায় গুম, খুন, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে দাবি করে রিজভী বলেন, ‘অপরাধীদের অধিকাংশই পায় সরকারি পৃষ্ঠপোষকতা। অপরাধ করে রেহাই পাওয়ার সংস্কৃতির জন্যই দেশে নারী ও শিশুর ওপর নির্যাতনসহ অন্যান্য সামাজিক অপরাধগুলো জ্যামিতিক হারে বেড়েই চলেছে।’
চাঁদপুর ও জয়পুরহাটের কালাইয়ে দু’টি পৌরসভা নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪৪ নং ওয়ার্ডে কমিশনার নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে বলেও অভিযোগ রিজভীর।








