মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের বিষয়ে অভিযোগে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত এবং তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এই নির্দেশ দেন।
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের করা এক আবেদনের ওপর শুনানি করে আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩ এর ক ধারায় মামলার আবেদন করা হয়।
আদালতের আদেশে বলা হয়, রাষ্ট্রদ্রোহের মামলা করার আগে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। সে অনুমতি যেহেতু আগে নেওয়া হয়নি তাই শাহবাগ থানার ওসিকে সেই অনুমতি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়। বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও বক্তব্য প্রত্যাহার করে খালেদার ক্ষমা চাওয়ার দাবি ওঠে।
/এফএস/








