বিএনপি-আওয়ামী লীগ দুদলই ৫ জানুয়ারির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করতে চায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এ নিয়ে অনুমতি চেয়েছে দুপক্ষই। তবে ‘রাজনৈতিক পরিবেশ’ গরম না করার কারণ দেখিয়ে পরে সোহরাওয়ার্দীর বিকল্প হিসেবে নয়া পল্টনে সমাবেশের অনুমতি চাইল বিএনপি।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। আমরা রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু রাখার পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি আগে থেকে চাইলেও পরে শুনেছি আওয়ামী লীগও সেখানে সমাবেশ করতে চায়। এ কারণে আমরা সরে এসেছি। রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতেই বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা রবিবার সকাল ১১টার দিকে ডিএমপি বরাবর নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। আশা করছি অনুমতি পাব।’
এ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মনে করি ডিএমপি বিএনপিকেই অনুমতি দেবে। তার যুক্তি, প্রথমে আমরা অনুমতি চেয়েছি, আওয়ামী লীগ পরে চেয়েছে। সে কারণে প্রশাসন তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে আমাদের অনুমতি দেবে।
আবদুল লতিফ জনি জানান, ৫ জানুয়ারির সমাবেশ শুধু বিএনপির ব্যানারেই হবে। ২০ দলীয় জোটের নয়।
/এসটিএস/এফএ/আপ-এনএস/








