বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয়; বরং সিরিজ বোমা ও ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগ জড়িত। তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল। শুধু তাই নয় পিলখানায় বিডিআরের তরুণ অফিসারদের হত্যায়ও আওয়ামী লীগকে দায় নিতে হবে।’
বুধবার (১৮ আগস্ট) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেরানিগঞ্জে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার বিষয়ে রিজভী বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে গতকাল বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।’
অনু্ষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।









