সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশের লাখ লাখ মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু সরকার চায় না, কারণ সরকার তাকে ঘোর বিরোধী মনে করে।’
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত মৌলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম জিয়াকে মিথ্যা অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মামলায় যদি সাজা দেওয়া হয়, হাইকোর্ট সে মামলা থেকে আরেকটু সহানুভূতিশীল হয়ে সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট ৫ বছর সাজা বাড়িয়ে দিয়েছেন। হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে, অথচ বেগম জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই সরকারের কাছে আমাদের কোনও প্রত্যাশা নেই। বর্তমান সরকার তো দরিদ্র মানুষের জন্য কিছু করবে না, মুখে শুধু নানা ধরনের উন্নয়নের কথা বলে। এটা কোন ধরনের উন্নয়ন? বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ফ্লাইওভারে সিগনাল আছে। এই হলো আমাদের উন্নয়নের সড়ক।’
তিনি আরও বলেন, ‘ভারত টিকা না দেওয়াতে এ দুয়ার-ও দুয়ার ঘুরে বেড়িয়েছেন। আর দেড় বছরের মাথায় আমাদের গল্প শোনান টিকা রফতানি করতে পারবো।’
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মান্না বলেন, ‘বেগম জিয়া হাসপাতালের সিসিইউতে আছেন। তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। দেশের একজন তিন বারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হবে না, এটা ভাবতেই তো কষ্ট লাগে। অথচ এই বোধশক্তি সরকারের নেই।’
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের নেতারা।









