দল থেকে আবারও বহিষ্কার হলেন বিএনপিনেতা মেজর (অব) আখতারুজ্জামান। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আখতারুজ্জামান গণমাধ্যমে বলেছেন, ‘কুন ফাইয়াকুন (হও বলার সঙ্গে সঙ্গে হয়ে যাওয়া), বিএনপিতে যখন যে যা বলে তাই ফরমান হয়ে যায়। আমি তিন-চারবার বহিষ্কার হয়েছি সম্ভবত ১/১১র আগে। বহিষ্কারাদেশ না থাকায় গত নির্বাচনে প্রার্থীও তো হয়েছিলাম।’









