দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় এসেছে মুক্তিযুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম, আসুন বৃহত্তর স্বার্থে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলি। সত্যিকার অর্থে শান্তি-সমৃদ্ধির গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। তিনি বলেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করি, মিথ্যা মামলায় নির্বাসিত আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনি।’
বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে আলোচনা সভা ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এদের পার্থক্য কোথায়? তারা দেশের মানুষের জন্য শুভ চিন্তা করছে, কেউ বলতে পারবে না।’
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আজ দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে। মানুষ সড়কে কিংবা নিজের ঘরে নিরাপদ নয়। এ অবস্থা থেকে আমাদের পরিবর্তন দরকার।’
তিনি বলেন, ‘আজ যে দল জোর করে ক্ষমতায় বসে আছে, তারা আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে, তাদের সবাইকে অস্বীকার করে, কেবলমাত্র একটি দল বা এক ব্যক্তি বা একটি পরিবারকে মহিমান্বিত করার চেষ্টা করছে। কাজটি তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করছে।’
আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘আজ তারা মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আ স ম রব, মোস্তাফা জামাল হায়দার, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অবদানকে অস্বীকার করতে চায়। একবারের জন্যও তাদের নাম স্মরণ করে না।’









