বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, 'আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা রাজনীতির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য আজকে শেরেবাংলা এ কে ফজলুল হক আমাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক।'
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার একদিকে ইতিহাস বিকৃতি করছে, আরেকদিকে আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে পরনির্ভরশীল করে তুলছে। অন্যদিকে রাজনীতিকে পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমাদের যে মূল গণতান্ত্রিক চিন্তা-চেতনা তার থেকে সরিয়ে দিয়ে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সরকার পরিকল্পিতভাবে করছে।
সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা দেখছেন—পুলিশ কিছু দিন ধরে যে কাজটি করছে, ঢাকা কলেজ এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হলো দুই জন প্রাণ দিলেন—এটাতে পুলিশ প্রথমে বিএনপি নেতাদের অ্যারেস্ট করে তাদের মামলা দিয়ে তিনদিনের রিমান্ডে পাঠালো। অথচ প্রত্যেকটি মিডিয়ায় দেখা গেলো এর জন্য দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীরা। আবার কলাবাগানে বাচ্চাদের খেলার মাঠ দখল করে থানা বানাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা ঘটাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, 'আজকে সারা দেশের মানুষের কোনও নিরাপত্তা তো দূরের কথা, কী করে তাদের আরও হয়রানি করা যায় সেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একসঙ্গে ৬টা জায়গায় বোমা মারার মামলা আছে। এই যে মিথ্যাচার, ভয়াবহভাবে রাজনীতিকে বিনষ্ট করে দেওয়া, এটা তারা শুরু করেছে।'
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদরা যখন ইতিহাস রচনা করেন সেটা ইতিহাস হয় না, সেটা হয় প্রোপাগান্ডা। ইতিহাস রচনা করতে হবে ইতিহাসবিদদের। কারণ, তারা ইতিহাস রচনা করেন কিছু মৌলিক বিষয়ের ওপর। আজকে একটা দলের, একটা গোষ্ঠীর ইতিহাস রচিত হচ্ছে। যে ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত—সেই সত্যিকারের মাইলফলক তারা হারিয়ে ফেলেছে। তাই আজকে এ কে ফজলুল হকের মতো এমন মহানায়ককে স্মরণ করা হয় না।
শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









