ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ৮টি জোনে বিভক্ত ২৬টি থানার ৭১টি ওয়ার্ডের কমিটি গঠনে এই ভোট গ্রহণের প্রথম দিন ছিল বুধবার (১ জুন)। এদিন ৪৪, ৪৫, ৪৬ ও ১ নম্বর ওয়ার্ডে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
ইউনিট ও ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্যরা এই ভোটে অংশগ্রহণ করেন। ব্যালটের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন ভোটাররা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার দুপুর ২টায় ভোট শুরু হয়ে তা রাত ৮টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষ হলে তাৎক্ষণিক সকলের সামনে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল মেনে নিয়ে সকলে একযোগে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতরের (গণমাধ্যম) দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গ্রহণ ও সম্মেলনের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক। সভাপতিত্ব করেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন।









