বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যাচ্ছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টায় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যাবেন। এ দিন সকাল সোয়া ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং ও দলের মিডিয়া কমিটির সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, আয়ারল্যান্ডের নাগরিক জিন লুইসের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ফরেইন কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির সূত্রগুলো বলছে, বৈঠকে জিন লুইসের সঙ্গে আরও কয়েকজন প্রতিনিধি থাকতে পারেন। বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিই প্রাধান্য পাচ্ছে, এমন ইঙ্গিত রয়েছে দলটির নেতাদের তরফে। তবে বৈঠকের আগে কোনও নেতা মন্তব্য করতে রাজি হননি।









