আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭টি দলের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। এই সতেরোটি দলের মধ্যে অধিকাংশই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৭টি দলের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি।
গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বিএনপির মতবিনিময় শুরু হয়। এরপর ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেন বিএনপি নেতারা। ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ৮ জুন জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাগপা, ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে দলটি। ১৬ জুন অলি আহমদের এলডিপি ও ১৯ জুন জমিয়ত (একাংশ) সঙ্গে বৈঠক করে বিএনপি। ২১ জুলাই রাতে ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক দল, ২৪ জুলাই জেএসডি ও ২৬ জুলাই ইসলামী ঐক্যজোট (একাংশ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামিক পার্টির সাথে মতবিনিময় করেছে বিএনপি।
বিএনপিনেতারা জানিয়েছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রতি দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ১৭টি দল সম্মত হয়েছে।
শায়রুল কবির খান জানান, গণ অধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।









