বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সেটা প্রমাণ করেছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, ‘সরকার দাবি করে যে, তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। কোন উন্নয়ন? যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে? এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা। তারা উন্নয়নের জোয়ারে দেশকে নয়, গনতন্ত্রকে এ দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে। এ দেশের মানুষ অবশ্যই সেই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বলে যারা দাবি করে, তারা জনগণের অনিচ্ছায় ভুয়া সংসদের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। এ সরকারকে হটিয়ে দিয়ে জনগণের ইচ্ছায় যারা সরকারে আসবে, তাদের দিয়ে নতুন সুষ্ঠু বৈধ সরকার গঠন করবো আমরা।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।









