কোনও প্রতিবন্ধকতাই খুলনার বিভাগীয় সমাবেশের জনস্রোতকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সমাবেশে এসবের (পরিবহন ধর্মঘট) এতটুকু প্রভাব পড়বে না। ময়মনসিংহে আপনারা দেখেছেন, কীভাবে মানুষ এসেছে। ট্রলারে করে, নৌকায় করে বিভিন্নভাবে। একইভাবে রিকশায় করে, রিকশাওয়ালারা মানুষজন নিয়ে এসেছে, তারা ভাড়া পর্যন্ত নেননি। এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ।’
বুধবার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের দুই শরিক জাতীয় দল ও ইসলামিক পার্টির সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘খুলনাতেও দেখবেন যে, তারা (ক্ষমতাসীনরা) যত গাড়ি বন্ধ করুক, যা কিছু করুক, একইভাবে জনগণ গণতন্ত্রের দাবিতে উপস্থিত হবে, ইনশাল্লাহ। আমরা কোনও প্রতিবন্ধকতা, কোনও হরতাল মানবো না। আমরা কোনও কারফিউও মানবো না, আমরা সেখানে (সমাবেশ) উপস্থিত হবোই।’
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টায় প্রথমে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং বিকাল ৫টায় ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সঙ্গে দলীয় নেতাদের নিয়ে দ্বিতীয় দফায় সংলাপে বসেন বিএনপি মহাসচিব। দুটি বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংলাপে উপস্থিত জাতীয় দলের অন্য সদস্যরা হলেন— রফিকুল ইসলাম, শামসুল আহাদ, সারোয়ার আলম, লুতফুল হাবিব, মাসুদ চৌধুরী, সাইফুল আলম রুমেল, শহীদ আলী, বেলায়েত হোসেন শামীম, আতিকুর রহমান ও মো. রফিকুল ইসলাম।
ইসলামিক পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন— আবুল কাসেম, এজাজ হোসেন, সিদ্দিক আহমেদ নোমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, আব্দুর রহমান, আদেল উদ্দিন মাহমুদ, সুজন মাহমুদ ও সাইফুর রহমান।









