আনুষ্ঠানিকভাবে রবিবার (১১ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির সাত সংসদ সদস্য। এদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা একত্র হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
এর আগে শনিবার দুপুরে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি থেকে নির্বাচিত সাত সংসদ সদস্য।
বিএনপির সাত সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।
তাদের মধ্যে হারুনুর রশীদ বিদেশে ও উকিল আব্দুস সাত্তার অসুস্থ বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনাদের সাত সংসদ সদস্য পদত্যাগ করলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে— এটা ভাবার কোনও কারণ নেই। এই ভুলের জন্য আপনাদের অনুতাপ করতে হবে। আমরা আপনাদের সংসদ থেকে তাড়িয়ে দিইনি।’
‘তাদের সাতজনের মধ্যে দুজন আছেন এমন—এক নারী ও এক পুরুষ। তাদের দুজনের চিৎকারে সংসদে মাইক লাগে না,’ উল্লেখ করে বলেন ওবায়দুল কাদের।









