আওয়ামী লীগ পথ হারিয়ে বিএনপির পায়ে-পায়ে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আসাদগেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও কর্মসূচি রাখার ব্যাপারে দলটির নেতাকর্মীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইকবাল হাসান বলেন, ‘আওয়ামী লীগ পথ হারিয়ে বিএনপির পায়ে পায়ে হাঁটছে। এটাই হলো এখন আওয়ামী লীগের রাজনীতি। জনসমর্থন যখন শূন্যের কোঠায়, তখন আওয়ামী লীগের পুলিশের মাধ্যমে হুমকি-ধমকি প্রদানই একমাত্র শক্তি। বিএনপির কোনও প্রোগ্রামের আগে পুলিশ দিয়ে বিএনপির কর্মী গ্রেফতার করে ত্রাস সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনও কিছুই হচ্ছে না।’
টুকু অভিযোগ করেন, আজও (শুক্রবার) সিরাজগঞ্জে ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ অপরাজনীতি করছে। দেশের মানুষ ভালো করেই জানে। বিরোধী দল প্রোগ্রাম করবে, কিন্তু তারা পাল্টা প্রোগ্রাম দিয়ে দমন করার চেষ্টা করছে। অতীতে অনেকেই এমন দমনচেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি, তাদের পতন অনিবার্য হয়েছে। আওয়ামী লীগেরও শেষরক্ষা হবে না, তাদের পতনও অনিবার্য।’
বিএনপি নেতা ইকবাল মাহমুদ উল্লেখ করেন, বিএনপিসহ বিরোধী দলগুলো শান্তিপূর্ণ আন্দোলন করছে। জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন করবে।
ছবি: সাজ্জাদ হোসেন









