বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কাজ করার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসক জানিয়েছেন উনার শরীরে মারাত্মক কোনও জটিলতা নেই। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, আজ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছিলেন। তখন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে সেখানকার অফিসের স্টাফরা তাকে ইউনাইটেড হাসপাতালের নিয়ে আসেন।
জাহিদ হোসেন আরও জানান, হাসপাতালের ইমার্জেন্সিতে আসার পর কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামান উনাকে (মির্জা ফখরুল) পরীক্ষা করার পর মনে করেন যে অবজারভেশনে রাখা দরকার। সেখানে তার রক্তসহ অনান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর ডাক্তাররা এখন পর্যন্ত কোনও জটিলতা খুঁজে পাননি। তারপরও অন্যান্য পরীক্ষার ফল আসতে এক ঘণ্টা সময় লাগবে। সেজন্য উনাকে অবজারভেশনে রাখা হয়েছে৷
বিএনপির মহাসচিব অসুস্থতা বোধ করার কারণ হিসেবে মানসিক চাপ উল্লেখ করে এ জেড এম জাহিদ বলেন, উনার ওপর আজ স্ট্রেস গিয়েছে৷ উনার ওয়াইফ অসুস্থ, চিকিৎসা চলছে। উনার ভাই গতকাল রাতে এক্সিডেন্ট করেছে। দলের আবার আজ প্রোগ্রাম আছে। সব কিছু মিলিয়ে তিনি একটু স্ট্রেসের মধ্যে ছিলেন। তবে এই মুহূর্তে তার কোনও মারাত্মক জটিলতা নেই৷









