বিএনপি নির্বাচনে না গেলে আ.লীগ অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘সরকারের কেউ কেউ বলছেন, নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। কারা অস্তিত্ব সংকটে পড়বে সেটা দেখার বিষয়। কারও হুমকিতে বিএনপি ভয় পায় না।’
শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ দল। এ দল যতদিন ক্ষমতায় ছিল, ততদিন দেশ শান্তিতে ছিল। আওয়ামী লীগ আসার পর দেশটা অশান্তিতে ভরে গেলো। লুটপাট, চুরি, ডাকাতি, টাকা পাচার, ডলার পাচার, মানুষ পাচার সবকিছু দিয়ে দেশ আজ অশান্তিতে ভরে গেছে।’
তিনি বলেন, ‘যে সংবিধান বহাল ছিল, সেই সংবিধানের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু আওয়ামী লীগের কাটা-ছেঁড়া করা সংবিধানের মধ্য দিয়ে বিএনপি কখনও নির্বাচনে যাবে না।’
জামায়েতের লেজ ধরে আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল জামায়েত। জামায়েতের লেজ ধরে আওয়ামী লীগ একই দাবি তোলে। বিএনপির দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। ’
দেশে সবকিছুর দাম বেড়েছে, শুধু মানুষের দাম কমেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘মানুষের কোনও দাম এ দেশে নেই। মানুষ নিজের দামের দাবি তুললে গ্রেফতার হয়, মারা যায়। মানুষের দাবি নিয়ে কথা বললে বিএনপিকে ষড়যন্ত্রকারী দল বলা হয়।’
সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা মানুষের অধিকার নিয়ে মাঠে নেমেছি। আজকের এই পদযাত্রা সরকার পতনের পদযাত্রা। নির্যাতন-নিপীড়ন করে কোনও স্বৈরাচার টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে আজ দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজপথেই এই সরকারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো।









