কারাগারে আটক দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের দুই শীর্ষ নেতা। সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন। এদিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শামসুজ্জামান শামসের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এসময় তাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।’









