বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা রয়েছে, একটা হলো পতন, আরেকটা পলায়ন। আমরা আওয়ামী লীগের পতনে সহযোগিতা করবো কিন্তু পলায়নে সহযোগিতা নয়।
শুক্রবার (২ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ-পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বেগম খালেদা জিয়া তিন তিনবার ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কখনোই তিনি ভোট চুরি করে ক্ষমতায় আসেননি। কিন্তু আওয়ামী লীগ ভোট চুরি করে ১৪টি বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে।’
তিনি বলেন, ‘এই অনির্বাচিত সরকার শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়া বানিয়েছে। সরকার ভালোভাবেই জানে জনগণের ভোটে এরা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না।’
দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সভাপতির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এ আন্দোলন। ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমেই স্বৈরশাসকের পতন নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
এতে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, কাজী সেকান্দার আলী, লিটন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।









