ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের ওড়িশা রাজ্যের বালাসোর এলাকার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিসহ ভারতের অসংখ্য মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের প্রতি আমি শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। এই গভীর সংকটে আমি ভারত সরকার ও জনগণের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।’
ভারতের শোকাহত জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণ ও বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী সংহতি জ্ঞাপন করছে বলেও জানান মির্জা ফখরুল।
শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি ওড়িশার বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর উল্টো দিকের লাইন দিয়ে আসে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া বগির ওপর দিয়ে চলে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও তিন থেকে চারটি বগি লাইনচ্যুত হয়।
এদিকে এ দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলছেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে দেওয়ায় ঘোষণা দিয়েছেন মোদি। শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।









