আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি হিসেবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো পদযাত্রা শুরু করতে যাচ্ছে। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীতে পদযাত্রায় অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার গাবতলীতে শুরু হয়ে বিকাল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে এই পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা শুরুর স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তারা জোট বেঁধে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকার যান চলাচল কমে এসেছে। মানুষজনকে হেঁটে কর্মস্থলে বা গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
বিএনপির সঙ্গে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে পল্টনে শেষ করবে। ঢাকা ছাড়াও দেশের সব জেলা ও মহানগরে এই কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির আজকের পদযাত্রার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সকালে গাবতলী থেকে শুরু হবে। পরে মিরপুর-১ ও ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণী, কাওরান বাজার, এফডিসি হয়ে মগবাজারে প্রবেশ করবে। মগবাজার এলাকায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বরের দিকে যাবে। পরে ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকাল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে আজ রাজধানীতে ‘শান্তি ও উন্নয়নের’ শোভাযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শোভাযাত্রাটি বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ মোড়, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা। এতে ব্যাপক জমায়েত করতে ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।









