বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তবে আমরা এটি ফিরিয়ে আনবো গণতান্ত্রিক উপায়ে। আমরা লগি-বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটা চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে, মানুষের চাওয়ার দিকে তাকান। সেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই।
শনিবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক কণ্ঠ বাংলাদেশ’ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘অস্ত্র, লগি-বৈঠা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়, তবে এর মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে না। সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে। এই সরকার প্রচার করে দেশে মেগা উন্নয়ন হয়েছে। তবে এর মাধ্যমে দেশে মেগা দুর্নীতি করেছে সরকার।’
তিনি বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বিপজ্জনক হচ্ছে, তারা যা করে তা পুরোটাই উল্টো। এখন এটা প্রচার হয়ে গেছে– এ দেশে কোনও গণতন্ত্র নেই। সেজন্য এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিশ্ব আজ হস্তক্ষেপ করছে।’
বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে জানিয়ে মঈন খান বলেন, ‘এটি শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এটা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, একটু সুষ্ঠু ধারা প্রয়োগের মাধ্যমে একটি সরকার গঠনের আন্দোলন।’
নাগরিক কণ্ঠের আহ্বায়ক মো. রমিজ খানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।








