নতুন করে সাজানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দলীয় সূত্র বলছে, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলীয় কার্যালয়ের যাবতীয় সাজসজ্জা পুরান হয়ে যাওয়ায় এবং বারবার পুলিশি হামলা ও ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত দলীয় কার্যলয়টি মেরামত করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির স্থায়ী কার্যালয় ঘুরে দেখা গেছে— পাঁচ তলা ভবনটির নিচতলার প্রবেশ পথে নতুন রিসিপশন ডেস্ক বসানো হয়েছে। এর পাশেই বড় করে ‘বিএনপি’ লেখা এলইডি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এর উল্টো পাশের দেয়ালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টানানো হয়েছে।
এছাড়া কার্যালয়ের তৃতীয় তলায় নতুন করে রঙ করাসহ নতুন টাইলস ও আলোকসজ্জা করা হয়েছে। ছয় তলার একটি কক্ষ মেরামতের পর সেখানে লাইব্রেরি করা হয়েছে। দেয়ালজুড়ে কাচের সেলফে নতুন নতুন বই তোলা হয়েছে। দুই সেলফের মাঝখানের দেয়ালে শোভা পাচ্ছে জিয়াউর রহমানের একটি বড় সাইজের বাঁধানো সাদাকালো ছবি।
নতুন করে কার্যালয় সাজানোর বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী (দফতরের সংযুক্ত) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কার্যালয়টি বেশ পুরনো। এটাকে কর্মোপযোগী রাখতেই সংস্কার প্রয়োজন ছিল। এছাড়া বিগত সময়ে পুলিশ অতর্কিতভাবে কয়েকবার ঢুকে পুরো অফিস লন্ডভন্ড ও তছনছ করে দিয়েছে। তাই আপাতত আমরা অল্প কিছু কাজ করিয়েছি। নিচে রিসিপশন। তিন তলার ছোট ফ্লোর ও কিচেন। ছয় তলায় লাইব্রেরিসহ পাশে আরেকটি রুমের সংস্কার করা হয়েছে।’
এনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ কোনও কারণ নেই। তবে গত ১৫ বছরে কয়েকবার আমাদের দলীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে পুলিশ যেভাবে ভয়াবহ হামলা চালিয়েছে, তাতে কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই কিছু সংস্কার কাজ করা হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রধান কার্যালয় সংস্কারে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে শায়রুল কবির খান বলেন, ‘দীর্ঘদিন কার্যালয়ে কাজ করা হচ্ছিল না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইচ্ছে ছিল কাজ করানোর।’
এদিকে নতুন করে সাজানো কার্যালয়কে ঘিরে দলীয় কর্মীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা নতুন করে বসানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফটো ফ্রেমের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন। নতুন সাজের দফতরে নেতাকর্মীরা বসে নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত থাকতে দেখা গেছে।
কর্মীরা জানান, নতুন করে সাজানোর কারণে কার্যালয়টি এখন দেখতে অনেক ভালো লাগছে। প্রিয় নেতার ছবির পাশে দাঁড়িয়ে ছবি তোলারে ইচ্ছা প্রত্যেক কর্মীরই থাকে।
উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে ৭ ও ৮ ডিসেম্বর পুলিশ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির পক্ষ হতে।
ছবি: সাজ্জাদ হোসেন









