বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বার বার কর্তৃত্ববাদী দুঃশাসন জনগণ আর মানবে না।
বুধবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। নতুন নির্বাচনের দাবি এবং জনসচেতনতা সৃষ্টিতে এ কর্মসূচি পালন করছে দলটি।
রিজভী বলেন, ‘এই অবৈধ সরকার এক তরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। জনগণ নির্বাচন বর্জন করে সরকারকে লালকার্ড দেখিয়েছে।’
এ সময় আরও ছিলেন– বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।









