সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন জায়গায় অনেক সংখ্যালঘুর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, গুরুতর জখমসহ এলাকা ছাড়ার হুমকিও দিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এসব ঘটনা সরেজমিনে তদন্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি কস্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব এস এন তরুণ দে, যুবদলের সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সহিংস এলাকাগুলো সরেজমিনে তদন্ত করে ১০ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জমা দেবে।








