বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সীমান্তে মানুষ হত্যা, মিয়ানমার সীমান্তে যে বিষয়গুলো ঘটছে, তা নিয়ে আলোচনায় একমত হয়েছি— জনগণকে সম্পৃক্ত করে আমরা কীভাবে আগামী দিনে অগ্রসর হতে পারি। কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি। আমাদের জোটগুলো নিজেরা বসবে এবং আলোচনা করবে। তারা আমাদের সঙ্গে আবার বসবে।
সোমবার (১৩ মে) বিকালে গুলশানে চেয়ারপারসনের অফিসে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। এর আগে, রবিবার (১২ মে) ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘বিএনপি ও আমাদের জোট কেউই সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের ওপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।’
বৈঠকের আলোচনা সম্পর্কে বিএনপিনেতা খান জানান, এতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত— এ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ, পানি সংকট ও যোগাযোগ সীমিত— এসব নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট, টাকা অবমূল্যায়ন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এ বিষয়গুলো আলোচনায় এসেছে।’
তিনি বলেন, ‘আরও যেসব জোটের সঙ্গে বসছি বা বসবো, তারপর কর্মসূচির কথা আপনাদের জানাবো। সমগ্র বিষয়গুলোতে একমত হয়েছি যে, দেশ ও দেশের মানুষ আজ আরও বেশি করে সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়।’
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন— এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড. ডা. সৈয়দ নুরুল ইসলাম।
প্রসঙ্গত, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (১৪ মে) বিকাল টা ৩০ মিনিটে গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) ও বিকাল ৫ টা ৩০ মিনিটে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।








