বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনাধীন ১৬ বছরে আনসারদের দাবি কোথায় ছিল? এতদিন কোনও কথা না বললেও নতুন সরকার গঠনের পর হঠাৎ করেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেদিন কার নেতৃত্বে গুলি করা হয়েছিল, সেটি তদন্ত করে বের করতে হবে।
বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ প্রজন্ম অ্যাকাডেমি আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, যে ড. ইউনূস বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান উঁচু করে ধরেছিলেন, তাকেও আপনি (শেখ হাসিনা) কারাগারে নেওয়ার ফন্দি করেছিলেন। মামলার বিচার চলার সময় তাকে যেন পায়ে হেঁটে ১৪ তলায় উঠতে হয়, সেজন্য লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বুড়ো মানুষকে পায়ে হেঁটে ১৪ তলার ওপরে উঠে হাজিরা দিতে হয়েছে। আজকে হাসিনা আপনি কোথায়? কিন্তু ড. ইউনূস এখন সরকার প্রধান। আর আপনি বসে আছেন হিন্দুস্তানে। এটাই বিধির বিধান। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে জয়ের অর্থপাচার নিয়ে কথা বলার কারণে ৬৪টি জেলায় আমার নামে ৬৪টি মামলা দেওয়া হয়েছিল। আজ জয়কে ইউটিউবে বক্তৃতা দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে চেয়েছিল। এখন নিজেকেই সরে যেতে হয়েছে। তিনি এখন দেশ ছেড়ে ভারতে বন্দিদশায় রয়েছেন। শেখ হাসিনা সরকারের মতো অহংকারী, স্বৈরাচারী ও অত্যাচারী সরকার এর আগে বাংলাদেশের ইতিহাসে আসেনি।
বর্তমানে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ এনে তিনি আরও বলেন, মাত্রই নতুন সরকারের জন্ম হয়েছে। এখনও নাড়ি শুকায়নি। আপনারা ধৈর্য ধরুন। এখন অনেকেই দাবি নিয়ে আসছেন, এতদিন তাদের দাবি কোথায় ছিল? সেই প্রশ্নের জবাব দিতে হবে। এখন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে প্রজন্ম অ্যাকাডেমির সভাপতি কালাম ফয়েজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









