আনুষ্ঠানিকভাবে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রচার-প্রচারণায় দলীয় প্রার্থীদের আচরণবিধি যথাযথ অনুসরণের আহ্বান জানিয়েছে বিএনপি।
রবিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতার পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচার সামগ্রীর সর্বোচ্চ পরিমাপ হিসেবে ব্যানার ১০ ফুট × ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট x ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি x ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল/লিফলেট ৮. ২৭ ইঞ্চি x ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সে. মি. X ৪৫ সে. মি ও ভোটার স্লিপ ১২ সে. মি X ৮ সে. মি. হতে পারবে।
এতে আরও জানানো হয়, নির্বাচনি প্রচারণায় কোনও ধরণের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে। ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে শুধু দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।
মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন কোনও ব্যানার, হ্যান্ডবিল/লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না। কোনও প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না এবং প্রচারণা ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরণের যন্ত্র ব্যবহার করা যাবে না।









