জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আওয়ামী স্বৈরাচারী শাসকের বিচারের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবো। প্রত্যেকের মনে রাখতে হবে যে, এই গণঅভ্যুত্থানের রক্ত এবং শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে এই আগস্ট তাদের সমানে বারবার ফিরে আসবে। আমাদের তথ্য অনুযায়ী, বাউফলে ৬ জন শাহাদাতবরণ করেছেন এবং ১৯২ জন আহত হয়েছেন। আমরা সবার পাশে আছি।’
শনিবার (২৪ আগস্ট) বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাউফলের আহতদের চিকিৎসায় নগদ আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদ পরিবার এবং আহতদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত, এরই অংশ হিসেবে বাউফলের আহতদের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা করছি।’
বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান সোহাগ, শহিদুল ইসলাম, নূরুল আলম, নজরুল ইসলাম রনি, হারুন অর রশিদ, আরিফুর রহমান পলাশ, সাইদুর রহমান রবি প্রমুখ।









