নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর পরপরই বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে। আজই যেকোনও সময় ইসির ওয়েবসাইটের প্রতীকে দাঁড়িপাল্লা যুক্ত হবে বলে জানিয়েছিলেন দায়িত্বশীল কর্মকর্তা।
বুধবার (১৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দফতরে প্রতীকের গেজেট ও প্রতীকের তালিকা নিয়ে আসেন। কিন্তু সচিব তার দফতরে না থাকায় ফিরে যান।
আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল ২০১৬ সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। যেটি কোনও রায় ছিল না।
এদিকে এর আগে আজ সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ বাতিল না করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ফেইসবুক পোস্টে তিনি প্রশ্ন রাখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইলো।”









