সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনও প্রতিনিধি দেওয়া হবে না। কারণ সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও বিষয়টির বিরোধিতা করেছিলেন। আমরা সংস্কারের পথ এড়িয়ে সংশোধনের নামে এই কমিটি গঠনকে প্রত্যাখ্যান করছি।

ওই কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর কাছে মতবিনিময়ের জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ১১ দলীয় ঐক্য কেন সেই আহ্বানে সাড়া দেয়নি; বিষয়টি পরিষ্কার করেন তিনি। বলেন, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা সংবিধান সংশোধনের কোনও উদ্যোগকে ধারণাগতভাবে সমর্থন করবেন না। আমাদের দাবি, বিএনপির ৩১ দফার প্রথম দফাতেও সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছিল। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম এবং গণভোট সবকিছুর লক্ষ্য ছিল রাষ্ট্র ও সংবিধানের সংস্কার। ফলে এখন সেই প্রক্রিয়া থেকে সরে গিয়ে শুধু সংসদীয় সংশোধনের পথে যাওয়া উচিত নয়।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ৫৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে। গণভোটে জুলাই সনদের ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত নেয়া হয়েছিল। গণভোটের মাধ্যমে জনগণ শুধু কয়েকটি বিচ্ছিন্ন সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে মত দেয়নি; বরং সংস্কার বাস্তবায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়াকেও অনুমোদন দিয়েছে। 

তিনি বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর জারি করা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এ নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় সংসদের সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিধান রাখা হয়েছে। আর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। একই সময়ে জামায়াত ও তাদের শরিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

তবে বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের প্রস্তাব তাদের দেওয়া হয়নি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ওই পরিষদের শপথ তারা নেবেন না।

গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদকে একই প্রতিষ্ঠান হিসেবে দেখার সুযোগ নেই। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতার ভিত্তি তিনি জনগণের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে ব্যাখ্যা করেন।

সংবিধান সংসদ সৃষ্টি করে, সংসদ সংবিধান সৃষ্টি করে না উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। তাই জনগণ গণভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট সংস্কার প্রক্রিয়া অনুমোদন করে থাকলে সেই প্রক্রিয়া অনুসরণ করেই সাংবিধানিক পরিবর্তন আনা উচিত।

উল্লেখ্য, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগটি চলতি বছরের এপ্রিল থেকে আলোচনায় আসে। ২৯ এপ্রিল ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এ ধরনের একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। পরবর্তীকালে বিরোধী দল থেকে সদস্য না দেওয়ায় ১৩ জুলাই ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট দিতে চায় কমিটি
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরুর পর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন হাসনাত কাইয়ুম
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার