ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোটারদের বাধা, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী এজেন্টদের দায়িত্ব পালনে বাধা এবং ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও সই করে রাখার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগগুলোর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোট দেওয়ার আগেই ভোট দেওয়া হয়ে গেছে বলে একজন নারী ভোটার জানতে পেরেছেন। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর করে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটারকে ব্যালট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিল ও স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা। আগাম সিল ও স্বাক্ষর করে রাখার ফলে জাল ভোটের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকা এবং তাঁদের পরিচয় শনাক্ত করতে সমস্যা হওয়ার অভিযোগও করেন গোলাম পরওয়ার। নির্বাচনী এলাকায় অর্থ বিতরণ, নারী ভোটারদের বাধা দেওয়া এবং জামায়াতের নেতাকর্মীদের মারধর করে আহত করার অভিযোগও তোলেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে। সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করলে চাকরিতে সমস্যায় পড়তে পারেন, এমন ইঙ্গিত দিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইরুজ ইসলামের বিরুদ্ধে নির্দিষ্ট একটি দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তোলা হলেও তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল জামায়াত।

গোলাম পরওয়ারের দাবি, নির্বাচনের আগে জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নয় দফা লিখিত অভিযোগ ও তিনটি দাবি জানিয়েছিল। পরবর্তী সময়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

তিনি বলেন, সরকারদলীয় শীর্ষ পর্যায় থেকে উপনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দাবি করা হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এ ছাড়া নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো, ধানের শীষ প্রতীক রঙিনভাবে ব্যবহার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পরিচয় ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছিল উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বেশি থাকলেই নির্বাচন নিরপেক্ষ হবে, এমন নিশ্চয়তা নেই। তবে ভোটারদের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ ও কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা থাকতে পারতো।

তিনি বলেন, একটি উপনির্বাচনেই যদি অনিয়মের অভিযোগ কার্যকরভাবে মোকাবিলা করা না যায়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে জয়ী হন। ১৮৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পান ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
সর্বশেষ খবর
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা