সোমবার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ বসবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত থাকবেন।
সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের চেয়ারম্যান এইচএমএরশাদের নেতৃত্বে জাপা সংলাপে বসবে।’
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।








