রওশনকে এরশাদের চিঠি

‘সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫১

রওশন এরশাদ ও এইচএম এরশাদ বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে জানিয়েছেন, তার নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই। তিনি বলেছেন, ‘গঠনতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে জাতীয় পার্টিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, দলের মধ্যে কোনও বিভেদ বা অনৈক্য নেই। পার্টি আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে বলেও রওশন এরশাদকে তিনি আশ্বস্ত করেছেন। আজ রবিবার বিষয়টি তিনি রওশন এরশাদকে চিঠির মাধ্যমে জানিয়েছেন।
বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য রওশনকে লেখা এরশাদের চিঠিটি নিচে দেওয়া হলো-

"প্রিয় সহকর্মী

আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন।

২৩ জানুয়ারি শনিবার মিডিয়ায় প্রেরিত আপনার একটি বিবৃতির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেখানে আপনি দু’টি বিষয়ের ওপর আলোকপাত করেছেন। প্রথমত: সম্প্রতি পার্টিতে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান এবং মহাসচিব পদে রদবদলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয়ত: বিগত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু যে আপনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছিলেন- তা আপনি নাকচ করেছেন।

দ্বিতীয় বিষয়ের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’-বিভ্রান্তি দূর করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম প্রসঙ্গের বিষয়টি আপনাকে স্পষ্ট করতে চাই। জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান করার ব্যাপারে আপনারও সম্মতি ছিল।

কো-চেয়ারম্যান জাতীয় পার্টির কোনও গঠনতান্ত্রিক পদ নয়। পার্টির চেয়ারম্যান হিসেবে সংগঠনের প্রয়োজনে আমি কোনও পদ সৃষ্টি বা কাউকে কোনও বিশেষ দায়িত্ব প্রদান করতে পারি। আমি গঠনতন্ত্রের বহির্ভুত কোনও সিদ্ধান্ত গ্রহণ করি নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্রে যা রয়েছে- সেটাই আমাদের পার্টির গঠণতন্ত্র। ৩৯ ধারাটি তারই অংশ। ধারাটি আমার সৃষ্টি করা নয়। গঠনতন্ত্র আমি নিজে প্রণয়ন করি নাই। এটি একটি কমিটি দ্বারা প্রণীত এবং পার্টির জাতীয় কাউন্সিল দ্বারা অনুমোদিত। ৩৯ ধারা যদি সংশোধন বা বাতিল করতে হয় তা শুধু পরবর্তী কাউন্সিলেই হতে পারে। তার আগে গঠনতন্ত্রের কোনও ধারা নিয়ে বিতর্ক  সৃষ্টি করা হবে- গঠনতন্ত্রের অবমাননা, পার্টি শৃঙ্খলার পরিপন্থি এবং দলীয় গণতন্ত্রের প্রতি অবজ্ঞা।

মহাসচিব পদে রদবদল প্রসঙ্গে আপনাকে অবগত করতে চাই যে, জিয়াউদ্দিন বাবলুকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মিডিয়ার কাছে আপনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। এটা ছিল দলকে বিভক্ত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র। সে কারণে, জনাব বাবলুকে যে ধারামতে তাকে মহাসচিব করা হয়েছিল- সেই ৩৯ ধারাতেই অব্যাহতি দেওয়া হয়েছে। আপনার নিশ্চয়ই জানা আছে যে, জাতীয় পার্টি প্রতিষ্ঠার পরবর্তীতে যে ক’জন মহাসচিবের দায়িত্ব লাভ করেছেন- তারা প্রথমে এই ধারামতেই নিয়োগ লাভ করেছেন। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে তারা মহাসচিব নির্বাচিত হয়েছেন। প্রথমে এই ধারার বিষয়বস্তু ৪৬ ধারার অন্তর্গত ছিল। সর্বশেষ কাউন্সিলে সংশোধনীর মাধ্যমে এটি ৩৯ ধারায় অন্তর্ভুক্ত হয়েছে। যে, দু-একজন প্রেসিডিয়াম সদস্য এখন ৩৯ ধারা নিয়ে বিতর্ক করছেন তারাও কিন্তু এই ৩৯ ধারা মোতাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বলা প্রয়োজন যে, অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য এবং প্রথম মহাসচিব বাদে সকল- মহাসচিবই কোনও না কোনও সময় এই ধারাবলে দায়িত্ব লাভ করেছেন। তখন কিন্তু এই প্রক্রিয়া নিয়ে কোনও প্রশ্ন আসেনি।

আপনি আমাদের সাংগঠনিক কাঠামো সম্পর্কে অবগত আছেন যে, সংসদীয় কমিটি দলীয় নীতি-নির্ধারণের কোনও শাখা নয়। একমাত্র প্রেসিডিয়ামেরই পার্টির নীতি-নির্ধারণের এবং কোনও সিদ্ধান্ত গ্রহণ বা অনুমোদনের এখতিয়ার রয়েছে। সুতরাং দলীয় কোনও সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের ব্যাপারে প্রেসিডিয়াম বাদে অন্য কোনও শাখার মতামত গ্রহণের প্রয়োজনীয়তা নেই।

আপনি পার্টির একজন শীর্ষ নেতা এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির চেয়ারম্যানের কাছে কোনও বিষয়ে আবেদন, নিবেদন কিংবা বিবেচনার আহ্বান জানাতেই পারেন। সেটা আপনার সাংগঠনিক অধিকার। তবে পার্টির স্বার্থে বিবৃতিতে উল্লেখিত আপনার প্রস্তাবটি বিবেচনা করতে পারলাম না বলে দুঃখিত। আশা করি আপনিও পার্টির সার্বিক অবস্থা বিবেচনা করবেন।

আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, পার্টির মধ্যে কোনও বিভেদ বা অনৈক্য থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে এগিয়ে নিতে সক্ষম হবো। আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আমি পার্টির নেতৃত্বে আছি। আমাদের উভয়ের মিলিত প্রচেষ্টায় জাতীয় পার্টি আগামী দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।"

 

/এসটিএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম