জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা নেই জাতীয় পার্টির। তিনি বলেন, যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টির প্রতি অবিচার হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।
শনিবার (৯ এপ্রিল) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ ভালো নেই। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দুঃখের বিষয় হচ্ছে সরকার এই বাস্তবতা অস্বীকার করছে। দ্রব্যমূল্য বেড়ে গেছে, পাশাপাশি মানুষের আয় কমে গেছে। ফলে ক্রয়ক্ষমতা কমে গেছে সাধারণ মানুষের। এমন বাস্তবতা মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে। এজন্য সরকারকেই উদ্যোগী হয়ে ডাকতে হবে রাজনৈতিক দলগুলোকে।
জাতীয় ছাত্র সমাজ’র ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, মমতাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।









