জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘কাউকে ক্ষমতায় নিতে, কারও বি-টিম হতে বা কারও দাসত্ব করতে আমাদের রাজনীতি নয়। আমরা দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করবো। যারা আমাদের সাথে বন্ধুর মর্যাদায় বন্ধুত্ব করতে চাইবেন, আমরা তাদের সাথে বন্ধুত্ব করবো। কারও জিম্মি বা ক্রীতদাস হতে রাজনীতি করছি না।’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা শেষে ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য নির্বাচন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই পয়সা খরচ করে নির্বাচন করতে আসেন, নির্বাচিত হয়ে সেই পয়সা আদায় করেন। আমরা এমন সংস্কৃতি থেকে রাজনীতিকে বের করতে চাই। নির্বাচনে জাতীয় পার্টি থেকে ত্যাগী নেতা ছাড়া কাউকেই মনোনয়ন দেওয়া হবে না।’









