আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনে জাতীয় পার্টির (জাপা) ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে কমিশন দুইজন প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে এই তথ্য জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের জানান, এদিন ৫টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে টাঙ্গাইল-৬ আসনের মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনের এ কে এম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের মো. আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।
অন্যদিকে, সুনামগঞ্জ-৫ আসনের মো. জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ-২ আসনের এস এম আবদুল মান্নানের মনোনয়ন আপিলেও টেকেনি। তাদের আবেদন নামঞ্জুর করায় এখন উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শামীম হায়দার পাটোয়ারী আরও জানান, “আমরা এখন পর্যন্ত মোট ২৫টি আসনে আপিল আবেদন জমা দিয়েছি। এর মধ্যে ২১ জন প্রার্থী শুনানিতে জয়ী হয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি চারজন প্রার্থীর ক্ষেত্রে আমরা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী, আইনি লড়াইয়ের মাধ্যমে তারাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ০১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।









