‘নতুন প্ল্যাটফর্ম’ চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ২০:১৩আপডেট : ২৯ মে ২০১৬, ২০:৫২



সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় বিএনপির শীর্ষনেতারা বর্তমান ভূ-তাত্ত্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একার পক্ষে ‘গণতন্ত্র ফিরিয়ে আনা’সম্ভব নয় বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। এ কারণে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ‘নতুন প্ল্যাটফর্ম’ গঠনের প্রয়োজনীয়তার কথা জানান। রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন।
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করে বিএনপি।
বিএনপি নেতারা জানান, তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপির প্রতি দেশের জনগণের যে জনসমর্থন রয়েছে, তাতে এই প্লাটফর্ম তৈরি করতে পারলে সফলতা আসবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি। দর্শক সারিতে বসে আলোচনা শোনেন। এতে সভাপতিত্ব করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নামে শত শত মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ৭২ থেকে ৭৫-এ যেভাবে একদলীয় দুঃশাসন সৃষ্টি করা হয়েছিল, এখনও আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সেই অবস্থা চিরস্থায়ী করতে কাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আন্দোলনের কোনও বিকল্প নেই।
ইসরায়েলের সঙ্গে বিএনপির সম্পৃক্ততার নামে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, আজ মিথ্যা বলে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। আসলাম চৌধুরী নিজে বলেছেন, এমনকি যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই সাফাদি বলেছেন, দু’জনের শুধু কথা হয়েছে। কোনও বৈঠক হয়নি। তিনি বলেন, সেখানে আগ্রার মেয়রের অফিসে বসে সাক্ষাৎ হয়েছে। তাহলে আগ্রার মেয়রও কি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত? সেই সাফাদিই আবার বলছেন, এর আগে জয়ের (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে বৈঠক হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, জয়ের সঙ্গে বৈঠকটি নাটক। জয়ের সঙ্গেই বৈঠক সাজানো নাটক আর আলাম চৌধুরীল সঙ্গে বৈঠক আসল নাটক?
দেশে শাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহামান যে গণতন্ত্র তৈরি করেছিলেন, সেটিকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে এবং ফ্যাসিস্ট সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় শ্রোতার সারিতে খালেদা জিয়া
সরকারের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা। জিয়াউর রহমান যে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমরা তা হারিয়ে ফেলেছি। সেটি ফিরিয়ে আনতে হবে। তবে আজকের ভূ-তাত্ত্বিক রাজনীতিতে বিএনপির একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে নতুন প্লাটফর্ম তৈরি করতে হবে। তিনি বলেন, বিএনপির প্রতি এই মুহূর্তে এদেশের মানুষের ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশের মানুষ কাদের সমর্থন দেয়।
দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের শাসনামলে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সবেচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে, সেটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
গণতন্ত্র না থাকলে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান হয় মন্তব্য করে মওদুদ আহমেদ বলেন, বিএনপি জঙ্গিবাদ-উগ্রবাদকে ঘৃণা করে। ব্লগারসহ সব ধরনের হত্যাকাণ্ডের নিন্দা করে। একই সঙ্গে জানতে চায়, যারা এর সঙ্গে জড়িত তাদের ধরা হচ্ছে না কেন?
উগ্রবাদ দমনে সরকারকে সহায়তা করতে বিএনপি প্রস্তুত বলেও জানান বিএনপির এই নীতিনির্ধারক। তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে যারা ষড়যন্ত্র করছে, দেশের মানুষ কখনও তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
মওদুদ আহমেদ বলেন, বিএনপির ক্রান্তিকাল চলছে। তবে এটি সাময়িক। এতে চিন্তার কিছু নেই। কারণ বিএনপির নেতাকর্মীরা ঠিক আছেন। তাদের ওপর এত অত্যাচার, নির্যাতন চলছে, এরপরও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনও নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেননি।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির এমন কোনও নেতাকর্মী নেই, যারা মামলার শিকার হননি। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয় এবং গায়ের জোরে দেশ চালাচ্ছে, সুতরাং তারা মনে করছে, বিএনপিকে যদি গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়, তারা টিকে থাকতে পারবেন না। সেজন্য অত্যাচর-নির্যাতন করে হামলা-মামলা করে ক্ষমতায় থাকতে চায়। ইতিহাস বিকৃত করতে চায়।
বিএনপি সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য আসছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার যখন দেখছে হামলা-মামলা করে বিএনপির কিছু করা যাচ্ছে না, তখন গণমাধ্যমে বিভ্রান্তির তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রকাশ করছে।
এছাড়া, বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোস্তাহিদুর রহমান, সাংবাদিক মাহবুব উল্লাহ, প্রাক্তন ছাত্রমৈত্রীর সভাপতি আতাউর রহমান ঢালি প্রমুখ।
দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমার, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, এম এ হালিম, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনীতি-বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আরও পড়তে পারেন: প্রতি মাসে মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধের তথ্য জানাবে সরকার

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম