আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সেমিনারে এ ঘোষণা দেন তিনি। এর আয়োজন করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।
‘মহান বিজয় দিবস, গণতন্ত্র ও সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাজমুল হুদা। তার ভাষ্য, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে বিএনএ সব শরিক দলকে সঙ্গে নিয়ে ৩০০ আসনে প্রার্থী মনোয়ন দেবে।
বিএনএ’র অন্যতম শরিক দল বিএলডিপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী বিএনএ’র কো-চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ। এ সময় জোটের শীর্ষনেতারা ছিলেন।








