মহান বিজয় দিবসে রাজধানীতে বিজয় র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৬ ডিসেম্বর) সকালে পল্টনে এই র্যালি বের করা হয়। তার আগে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আশরাফ আলী আকন বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পার হলেও এদেশের মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। স্বাধীনভাবে ভোট দিয়ে নেতা নির্বাচনের অধিকার মানুষ পাচ্ছে না। একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। কেন্দ্র দখল, বিরোধী দলের ওপর নির্যাতন, মিথ্যা মামলার মত ন্যাক্কারজনক ঘটনা বর্তমানে দেশে অহরহ পরিলক্ষিত হচ্ছে। স্বাধীনতার চেতনা হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু, অপ্রিয় হলেও সত্য যে স্বাধীনতার অদ্যাবধি পর্যন্ত এদেশের মানুষ ভোটাধিকার পায়নি। একজনের ভোট আরেকজনে দিয়ে দিলে সেটা স্বাধীনতার চেতনা হতে পারে না।’
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘নির্বাচন এলেই দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে, সে আশা করতে পারেন না।’
র্যালিতে দলটির ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।








