ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, তিন দশক পরে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত ডাকসুর নেতারা এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করছে। ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব পাস করে ডাকসু একটি অসাংবিধানিক ও অধিকার বহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসে কে, কোন মত ও পথের রাজনীতি করবে তা নির্ধারণ করার এখতিয়ার ডাকসু রাখে না।
সমাবেশে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, মুক্ত চিন্তার সূতিকাগার বিশ্ববিদ্যালয়ে ধর্মের মতো আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা একটি স্বৈরাচার মূলক আচরণ। ভাবতে আশ্চর্য লাগে স্বৈরাচারবিরোধী গৌরবময় অতীত সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ডাকসু নিজেই স্বৈরাচারী আচরণ করছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আলিয়া মাদ্রাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।








