করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদানে সুনির্দিষ্ট রোডম্যাপ করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার (১৭ জুন) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এ দাবি জানানো হয়।
দলের সভাপতি রাশেদ খান মেনন এতে সভাপতিত্ব করেন। সভায় পার্টির গৃহীত করোনা অতিমারী মোকাবেলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণের পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
অবিলম্বে জনগণের সকল অংশকে টিকা দেওয়ার পাশাপাশি টিকা প্রদানের বয়সসীমা ১৮ বছরের উর্দ্ধে করার দাবি জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণ রোধে এই মুহুর্তে ভ্যাকসিনই হচ্ছে প্রধান বিকল্প।
সভায় নেতারা অভিযোগ করেন, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা যোগানের কথা বললেও বাস্তবে টিকাপ্রাপ্তির তেমন কোনও আলামত দেখা যাচ্ছে না। ফলে দ্রুত সময়ের মধ্যে জনগণের টিকা পাওয়ার সম্ভাবনা হতাশায় পরিণত হচ্ছে।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল প্রমুখ।









