সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক হত্যার দায়ে কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শককে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ দাবি জানান। উল্লেখ্য, শনিবার সেজান জুসের মালিকসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সেজান জুসের শ্রমিক হত্যার দায়ে দায়ীদের গ্রেফতার ও বিচার এবং নিহত সকল শ্রমিককে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও সমাবেশে জানান নেতারা।
জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভূঁইয়া।
এদিকে শ্রমিকদের নিরাপত্তা, রূপগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট।








