সরকার চোরা গলিতে পা দিয়েছে। সাম্প্রদায়িক সংগঠনের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ এবং সন্ধি করে সরকার দেশকে কোন পথে নিয়ে যেতে চাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এক অশনি সংকেত দেখা যাচ্ছে – বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গে পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, ‘যা হয়নি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, তা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবে। এটার মানে কি? মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়?’
তিনি বলেন, সরকার চোরা গলিতে পা দিয়েছে। তার প্রশ্ন, সাম্প্রদায়িক সংগঠনের সঙ্গে রাতের আঁধারে আপোষ, আত্মসমর্পণ এবং সন্ধি করে দেশকে কোন পথে নিয়ে যেতে চাচ্ছে সরকার?
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার কোনও দায়-দায়িত্বই পালন করছে না উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘দেশে অব্যাহতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস ওঠেছে। সরকার শুধুমাত্র বক্তৃতা, সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ। অসাধু ব্যবসায়ীরা যখন তখন দ্রব্যমূল্য বাড়াচ্ছে।’









