সারাদেশে সংঘটিত ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনব্যাপী রোড মার্চ করবে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় পল্টন মোড় থেকে এই মার্চ শুরু করবে বাম জোট।
বাম জোট জানায়, উদ্বোধন শেষে যাত্রা করে রোড মার্চ নারায়ণগঞ্জের কাচপুর, সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তা, চান্দিনায় পথসভা শেষে বিকালে কুমিল্লা টাউন হলে সমাবেশ এবং সন্ধ্যায় ফেনী শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এরপর ফেনীতে রাত যাপন শেষে বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় যাত্রা করে দাগণভূইঞা, চৌমুহনী, রামগঞ্জে পথসভা শেষে বিকাল ৫টায় হাজীগঞ্জে সমাবেশের মাধ্যমে দুই দিনব্যাপী রোড মার্চ সমাপ্ত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে রোড মার্চে অংশ নেবেন সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।









