জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রেক্ষাপটে পরিবহন মালিক শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে। এতে সরকার ও পরিবহন মালিকরা জিতলেও জনগণ ঠকেছে বলে মনে করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। সোমবার (৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত দেয় দলটি।
দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বরাবরের মতো পরিবহন-লঞ্চ মালিক ও তাদের সিন্ডিকেটদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করে জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দিল।
বিবৃতিতে ন্যাপ নেতারা বলেন, ‘সরকারও জিতলো, পরিবহন মালিকরাও জিতলো; মাঝখানে ঠকলো হতভাগা জনগণ। এই ভাড়া বৃদ্ধি জনগনের সঙ্গে চরম নিষ্ঠুরতার শামিল।’









