এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন এলডিপির আরেক অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (৭ জুন) বিকালে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। এদিন সকালে এলডিপি (অলি আহমদ) অংশের কয়েকজন নেতার সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ জানায় এলডিপি।
দলের অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, অলি আহমদের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘এলডিপির সাবেক যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ, বিশেষ করে আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের প্রলুব্ধ করে প্রতারণার আশ্রয়ে এলডিপির প্যাডে প্রত্যয়নপত্র প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।’ এই বক্তব্যটি মিথ্যাচার ও কুরুচিপূর্ণ। এ রকম অবান্তর, অশ্লীল, মনোবিকল কেবল অলি আহমদের পক্ষেই সম্ভব।’
প্রতিবাদে বলা হয়, অনতিবিলম্বে এ রকম মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে। বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে শাহাদাত হোসেন সেলিম আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। এমনকি তিনি ১০০ কোটি টাকার মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপির ভাষ্য হচ্ছে, ‘অলি আহমদ বাংলাদেশের রাজনীতিতে একজন অতি অহংকারী ব্যক্তি হিসেবে ইতোমধ্যে প্রচারিত। এলডিপি গঠনে শাহাদাত হোসেন সেলিম প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করেছেন, তা রাজনীতিতে প্রতিষ্ঠিত সত্য। এই দল গঠনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, সাবেক এমপি আবদুল মান্নানসহ অনেকে যুক্ত ছিলেন। ফলে, এলডিপি একমাত্র অলি আহমদের গৃহস্থালি ঐশ্বর্য প্রচারণাটা তার আত্মঅহমিকা আর মিথ্যাচারই বটে।’
বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনে ‘এলডিপির খবর প্রকাশে গণমাধ্যমকে বিরত থাকতে বলার’ বিষয়টি গণমাধ্যমের প্রতি প্রকাশ্যে হুমকি হিসেবে মনে করছে এলডিপি।
অলি আহমদের দলের পক্ষ থেকে এলডিপিকে কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমাদের অবস্থান হচ্ছে, উপমহাদেশের রাজনীতিতে একই নামে রাজনৈতিক চর্চা করার ইতিহাস সর্বজনবিদিত। ইতিহাস বলছে, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, জাসদসহ আরও বিভিন্ন রাজনৈতিক দল একাধিক নামে দল ও সংগঠন পরিচালনা করেছে, রাজনীতি করেছে। ফলে, রাজনৈতিক দলের নাম অলি আহমদের পৈতৃক সম্পত্তি নয়; এমনকি নিজের তো নয়ই যে তিনি তাতে বাধা দেবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনে এলডিপির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী এলডিপির (আব্বাসী-সেলিম) সঙ্গে সব কার্যক্রম পরিচালনা করার জন্য।’









