পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেছেন, এবারের ঈদ বানভাসি মানুষের কাছে অত্যন্ত কষ্টদায়ক। বানভাসি মানুষের এই কষ্ট দূর করে তাদের মাঝে আমাদেরকেই ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। বানভাসি মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। তারা যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়।
শুক্রবার (৮ জুলাই) দলটির যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরীর সই করা বাণীতে ন্যাপের নেতারা এসব কথা বলেন।
গানি ও মোস্তফা বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা মুসলমানদের মাঝে ফিরে আসে। প্রতিহিংসা ও স্বার্থপরতা পরিহার করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই হলো কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া সবার কর্তব্য।
ন্যাপ নেতারা বলেন, বৃহত্তর সিলেটসহ একের পর এক হাওরে বন্যা, পাহাড়ি ধস ও সম্প্রতি উত্তরাঞ্চলসহ দেশের অনেক জেলায় ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে অনেকেই স্বজন হারিয়েছে, ঘরবাড়ি, জোত-জমিসহ সহায় সম্পদ বানের পানিতে ভেসে গেছে। এখনও ভেসে যাওয়া বসতবাড়ির শূন্য ভিটায় ঠাঁই করতে পারেনি হাজারো মানুষ।
তারা বলেন, বর্তমান অবস্থায় সব রাজনৈতিক নেতাকর্মীসহ দেশের সব বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে— প্রাকৃতিক দুর্যোগে দুর্গত অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করা। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আয়োজনে উপদ্রুত অসহায় মানুষ যেন অংশগ্রহণ করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে।









