ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে (বুধবার) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আচরণ কেবল রাজনৈতিকভাবে ঔদ্ধত্যপূর্ণই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।
গোপীবাগে আলবদর বাহিনীর হাতে নিহত তিন শহীদ বদিউজ্জামান, শহীদ সিরাজ ও শহীদ মুল্লুক জাহানের কবরে পুষ্পাঞ্জলি প্রদান করতে গিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সমবেত এলাকাবাসী ও শহীদ সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
১৪ ডিসেম্বরের প্রসঙ্গে মেনন উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের জন্য এই দিনটি চরম বেদনার। মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে এ দেশকে বুদ্ধিজীবী শূন্য করতে জামায়াত-সৃষ্ট আলবদররা চরম গুম ও খুনের খেলায় মেতে উঠেছিল।
‘আর সেই জামায়াতসহ পাকিস্তানিদের অস্ত্র-অর্থ দিয়ে সহযোগিতাই নয়, জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র’ উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার রাষ্ট্রদূত যখন বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে—তখন সেটা চরম রসিকতাই বলে মনে হয়।’
মেনন আরও বলেন, ‘একটি স্বাধীন দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতসহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা যে আচরণ করছেন, তা কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন।’
উল্লেখ্য, একাত্তরে জামায়াত সৃষ্ট আলবদর বাহিনী গোপীবাগের বাসা থেকে তিন ভাই শহীদ বদিউজ্জামান, শহীদ সিরাজ ও শহীদ মুল্লুকজাহানকে তুলে নিয়ে যায় এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের পর রায়েরবাগ বধ্যভূমি থেকে তাদের লাশ উদ্ধার করে গোপীবাগ পঞ্চায়েত কবরস্থানে কবর দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও শহীদ সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, আওয়ামী লীগ ৮ নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে শহীদ তিন ভাইয়ের সমাধিতে পুষ্পস্তবক দেওয়া হয়। এসময় আরও বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতি হাজী সুলতান।









