ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘কেউ কেউ কোটি টাকার গাড়ি কেনে আর কোটি মানুষ একমুঠো ভাতের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়ায়। এমন বৈষম্যপূর্ণ সমাজব্যবস্থা বহাল রেখে শান্তির আশা করা যায় না।’
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় তিনি এসব কথা বলেন।
দেশের সম্পদ বানের ঢলের মতো বাইরে পাচার হয়ে যাচ্ছে মন্তব্য করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। বৈষম্যের বীভৎস দৃশ্যে মানবতা লজ্জা পায়। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সেই আগুনে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পুড়ে মরার মতো অবস্থা। এভাবে একটি দেশ চলতে পারে না।’
দলটির মহাসচিব বলেন, ‘গ্যাস-বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধি জনগণকে বিষিয়ে তুলছে। যেকোনও মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। মানুষ খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন হয়ে পরছে।’
সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।









